Showing posts with label রাজনীতি ও রাষ্ট্র. Show all posts
Showing posts with label রাজনীতি ও রাষ্ট্র. Show all posts

Saturday, December 27, 2014

শিশু জিহাদ ও গুজব

শিশু জিহাদ মারা যাওয়ার জন্যে সরকার মহাশয় দায় এড়াতে পারেন না। প্রথমত সরকারী প্রতিষ্ঠানের অবহেলায় জিহাদ নামক শিশুটি গভীর পাইপের মধ্যে পড়লো এবং সরকারী আরেক প্রতিষ্ঠানের অদক্ষতায় শিশুটি জীবিত উদ্ধার না হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো।

আরেকটা বিষয় আমি খেয়াল করলাম, জিহাদ পাইপে পড়ে যাওয়াকে অনেকেই গুজব বলে মনে করেছেন। কোনও ঘটনা ঘটলেই সেটাকে কিছু মানুষ গুজব মনে করে। তারা সরলভাবে ঘটনাকে দেখতে পারে না। কেন পারে না? আবার কেন মানুষ গুজব তৈরি করবে বা একটি ঘটনাকে মানুষ গুজব বলে মনে করবে? এর জন্যে দায়ী কে বা কী?

Wednesday, March 26, 2014

মানুষের কথা

মানুষের প্রয়োজন, রুচি ও চিন্তা একেক বয়সে একেক রকমের হয়ে থাকে। শিশু বয়সের চিন্তা কিশোর বয়সে পরিবর্তিত হয়। কিশোর বয়সের চিন্তা যৌবনে আবারো পরিবর্তিত হয়। শেষ বয়সে এসে মানুষের চিন্তা আরেকবার পরিবর্তিত হয়।

একজন বয়স্ক মানুষ একজন শিশুর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? একজন বয়স্ক মানুষ কোনও কিশোর বা কিশোরীর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? তেমনি একজন বয়স্ক মানুষ একজন যুবক বা যুবতির মন ও প্রয়োজন তার মতো বুঝতে পারে কী? সম্ভবত পারে না।

Friday, October 25, 2013

ছড়ায় ছড়ায় বৃষ্টির কাছে আকুতি :: রুমন আনাম

ছড়ায় ছড়ায় বৃষ্টির কাছে আকুতি


আয় বৃষ্টি জোরে আয়
সব গোঁয়ারের মাথায় পর
গোঁয়ারগুলার মাথার ভূত
ধুয়ে মুছে সাফ কর।

আয় বৃষ্টি হটাৎ আয়
যখন তাদের বাড়ে বাড়
মুণ্ডুহীন পাগলাদের
দমকা ঝড়ের দে আছাড়।

ওরা দেখ মাথা খায়
দেশ খেতে চায়, খাবে মান
থাক বৃষ্টি সাথে থাক
সাথে থেকে বাঁচা প্রাণ।

বৃষ্টিতে স্বস্তি! আজকের বৃষ্টির কারণে রাজনীতি করা লোকগুলা মনের মতো গুণ্ডামি করতে পারছে না। এতে আমরা কিছুটা শান্তিতে থাকতে পারবো। তাদের স্বার্থেই তারা আন্দোলন করে বা অন্যকে আন্দোলন করতে দিতে চায় না। এইসব ভুজুং ভাজং আমাদের জন্যে নয়। ওহে প্রকৃতি, এভাবে সহায় হও।

Sunday, June 2, 2013

শাহবাগ আন্দোলনের অশুদ্ধ চেতনাগুলি আমাদের থমকে দিলো

শাহবাগের মৃতপ্রায় আন্দোলন নিয়ে কিছু মূলের কথা


চেতনার এই আন্দোলন আমাদের কলঙ্গমুক্ত ও শুদ্ধ সমাজের স্বপ্নে মাতোয়ারা করেছিলো। আমরা হাতে হাত ধরে এগিয়ে গেছি। আমাদের সম্মিলিত শক্তি দেখে আশায় বুক বেঁধেছি। বাঙালির জাতীয়তাবাদ নিয়ে হতাশা দূর হতে শুরু করেছিলো। মনে হয়েছে, আমরা শুধু ঘুমিয়ে থাকি না, একত্রিতও হতে জানি।

Saturday, May 25, 2013

এমপি-মন্ত্রীদের ফটোগ্রাফারের মূল্যায়ন


ফটোগ্রাফি সবারই লাগে। শিশু থেকে বৃদ্ধ, সবার লাগে। এমন কি যে মোল্লারা ফটোগ্রাফিকে দুই চোখে দেখতে পারে না তাদেরও লাগে।

আমাদের মন্ত্রী-এমপি সাহেবদেরও ফটোগ্রাফি লাগে। কিন্তু দুঃখের বিষয় মন্ত্রি-এমপি সাহেবরা যে ফটোগ্রাফার নিয়োগ দেন তাঁর মেধাস্বত্ব বিষয়টা মানেন না। তেনারা মনে করেন, "টাকা দিয়ে ফটোগ্রাফার রাখছি আবার একটা ৫লাখ টাকার ক্যামেরাও কিনে দিছি। মেধাস্বত্ত্ব ফেধাস্বত্ত্ব কিসের?" মেধাস্বত্ত্ব না মানলেও অনেকে এতো আক্ষেপ করবেন না। অবশ্য, অনেকে এটা জানেই না। কিন্তু মন্ত্রি-এমপি সাহেবরা যখন বাহারি ছবিগুলা পাবলিশ করেন তখন ফটোগ্রাফারের নামটাও উল্লেখ করেন না। একজন ক্রিয়েটিভ লোকের এই মূল্যায়নটুকু না করা কিছুতেই মানা যায় না।

Tuesday, April 30, 2013

আমাদের ভাবনার সীমাবদ্ধতা

আমাদের ভাবনার সীমাবদ্ধতা

ভাবনাকে প্রসারিত করতে হবে


আমরা কেউ কেউ বলি, "বাঙালি জাতি খুব খারাপ হয়ে গেছে। বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। আর এই জন্যে আমরা সভ্য হতে পারছি না।"


এই কথা শুনে অনেকেই ঝাপ দিয়ে উঠে বলে, "বাঙালি অনেক ভালো। বাংলাদেশ সোনার দেশ।" তার মানে হচ্ছে, বাঙালির জাতি ও বাংলাদেশ অনেক ভালো।

Wednesday, April 3, 2013

আপনারা আমাদের মা হোন


দুই নারীকে মায়ের আসনে দেখতে চাই


নারীরা স্নেহ ও মমতায় পুরুষের থেকে অনেক উপরে। নারীর স্নেহ, ত্যাগ, ধৈর্য, ক্ষমা, কিংবা  ভালোবাসার কারণে আজো আমরা নষ্ট হয়ে যাই নি। অর্থাৎ নারী আমাদের সবাইকে আগলে রেখেছে। আর তাই নারী মানেই এক একটি মা। এক একটি বটবৃক্ষ।


বাংলাদেশের প্রধান দুটি দলের প্রধানগণ নারী। আপনাদের দুই নারীর কাছে একটা ছোট্ট বিষয় তুলে ধরতে চাই। আপনাদের দুইজনের বয়স এমন এক পর্যায়ে যে, আপনারা এখন কারো মা, কারো দাদী, কারো নানি কিংবা কারো বড়ো বোনের মতো। আপনাদের দুই জনের চেয়ে বেশি বয়সের মানুষ আমাদের দেশে কম। অর্থাৎ আপনাদের দুই জনের কাছে আমাদের বেশিরভাগ বাংলাদেশি হবে আদরের, ভালোবাসার ও স্নেহের। আপনারা আমাদের দেশের অভিভাবক থেকেছেন অনেক বছর। আপনারা চাইলে আপনাদের নারীত্ব দিয়ে আমাদের আগলে রাখতে পারতেন। আমাদের ভালোমন্দ, আমাদের সুখ-দুঃখ, আমাদের দাবী বা আবদার কখনো মায়ের মতো করে, কখনো বড়ো বোনের মতো করে, কখনো অভিভাবকের মতো করে পূরণ করে আমাদের সবার চোখের মণি হতে পারতেন। আপনারা দুজনই "মা" উপাধি পেতে পারতেন। আমরাও আপনাদের মায়ের মতো শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে মাথায় করে রাখতাম। আপনাদের কেউ কটু কথা বললে আমরা সন্তানের মতো সামনে দাঁড়িয়ে দাঁতভাঙা জবাব দিতাম।

Saturday, March 2, 2013

রুমন আনামের ছড়া বাবুর বিচার

বাবুর বিচার

রুমন আনাম


দেওয়ান বাড়ির বিচার হবে
দোষ আছে এক তার,
ভয় কিসে আর এই বিচারে
মোড়ল বাবুর ভার।

একটু ভেবে দেখা

আমাদের প্রাণের আন্দোলন নিয়ে একটু সরল ভাবনা

একটু ভেবে দেখা

রুমন আনাম

প্রজন্মের এই আন্দোলন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে। আমরা পথে নেমেছি রাজাকারদের ফাঁসির দাবীতে। আমরা পথে নেমেছি সঠিক বিচারের দাবীতে। আমরা নিজেরা তাদের হত্যা করতে পথে নামি নি। কারণ, আমরা বিশ্বাস করি, খুনোখুনি ওই অমানুষদের কাজ হলেও আমাদের না। আমরা সভ্য সমাজের স্বপ্ন দেখি। আমরা সুন্দর সোনার বাঙলা গড়ার স্বপ্ন বুকে লালন করি।

Friday, February 22, 2013

এই শঙ্কার সমাজ আমাদের লজ্জার কারণ নয় কি?

আমার ফেসবুকের বাংলাদেশি বন্ধুদের মধ্যে যারা ইউরোপ-আমেরিকাতে থাকে, তারা প্রায় প্রায় বাংলাদেশে এসে নিরপত্তাজনিত শঙ্কার কথা বলে। তাদের মতে, ওখানে একটা ২০-২২ বছরের মেয়ে একা গাড়ি নিয়ে পুরো দেশ ধেই ধেই করে ঘুরে বেড়ালেও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। সেটা হোক দিনে বা রাতে। সে সমস্যায় পড়লে তাকে কেউ বিপদে ফেলে না। একজন আরেকজনকে সাহায্য

Monday, February 18, 2013

মিলমিশের আগে চাই সততা


মিলমিশের আগে চাই সততা


লেখার প্রথমেই হুমায়ূন আহমেদ এর মতের বিরোধিতা করছি। তিনি ২৬জুলাই এর একটি জাতীয় দৈনিকে এক লেখায় পারিবারিক ঘটনার বর্ণনা দিয়েছেন। যেখানে মাজারে গিয়ে ঔ দলের শিশু রিসাদ আল্লাহপাকের কাছে একটি নীল রংয়ের গাড়ি চায় এবং সে পেয়েও যায়। তাকে বলা হয়েছে যে, সে যা চাইবে তাই পাবে। সেদিন হুমায়ূন আহমেদ নিজে অন্য কিছু চেয়েছেন। তিনি যা চেয়েছেন তার বর্ণনা দিয়েছেন এভাবে, ‘‘হে আল্লাহপাক তুমি আমাদের দেশের দুই নেত্রীর মধ্যে মিলমিশ করে দাও। দেশের মানুষ এটা চাচ্ছে, কিন্তু হচ্ছে না। তুমি চাইলেই হবে।’’ এবং সেই লেখায় তিনি দেশের সবাইকে নিয়ে একটা প্রার্থনা দিবসেরও আয়োজন করতে চাওয়ার কথা বলেছেন।

Saturday, February 16, 2013

চলতি পথে


কয়েকদিন আগে একজনের সাথে পরিচিত হলাম। কিছু সময় পর স্বাভাবিকভাবেই বর্তমান রাজনীতি নিয়ে কথা শুরু হলো। এরপর শাহবাগের প্রজন্মের আন্দোলন নিয়ে কথা উঠলো। আমরা তখন চা হাতে নিয়ে কথা বলছি। কথা বলা বেশ জমে উঠছে বলে চায়ে ঠিকমতো চুমুক দেওয়া হচ্ছে না। কথার শুরুতেই আমি বুঝতে চেষ্টা করলাম, ইনি কোন ধরণের রাজনীতির সমর্থক। জামাত-শিবিরের প্রতি সমর্থন থাকলে এই বিষয় নিয়ে আর আগাবো না ধরে নিয়ে আমি জিজ্ঞাসা করলাম, আপনার রাজনৈতিক দর্শন টা জানতে পারি কি?

Friday, February 15, 2013

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় রাজনীতির প্রভাবমুক্ত হোক


বাংলাদেশের প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় রাজনীতির যে প্রভাব পড়ে তাতে স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিতভাবে বিঘ্নিত হয়। মূলত আমাদের দেশে আগে জাতীয় সরকার নির্বাচন এবং পরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবার কারনেই এই প্রভাব পরে এবং প্রভাব পড়ার সুযোগ সৃষ্টি থাকে। এই প্রভাব পড়ার ব্যাপারটিও ঘটতো না যদি নির্বাচিত জাতীয় সরকারের মনে নিরপেক্ষতার প্রতি শ্রদ্ধা এবং স্বচ্ছ মানসিকতা থাকতো। যেহেতু নির্বাচিত হবার পর জাতীয় সরকারের হাতে ক্ষমতা চলে আসে তাই এর অপপ্রয়োগ করতে তারা ছাড়েন না। প্রভাবমুক্ত করতে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করতে পারলেই এর একটা সমাধা হবে।

মুক্তিযোদ্ধাদের যথার্থ মূল্যায়ন প্রয়োজন


আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রতিটি মুক্তিযোদ্ধা আমাদের অহংকার। বাংলার এইসব বীর সনত্মানদের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে। বহু মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছেন। প্রাণ নিয়ে যাঁরা ফিরে এসেছেন তাঁরা কি আজ মর্যাদার সাথে বাঁচতে পারছেন?

Thursday, February 14, 2013

সবার মন বুঝতে পারার মতো রাষ্ট্রপ্রধান চাই

একজন রাষ্ট্রপ্রধানের ভিন্ন ভিন্ন বয়সের মানুষের মন বোঝার যোগ্যতা থাকলে তবেই তিনি প্রকৃত রাষ্ট্রপ্রধান। আমাদের সমাজ যেমন বুড়োদের দ্বারা শাসিত হচ্ছে, তেমনি আমাদের রাষ্ট্রও। একজন বুড়ো মানুষের দ্বারা স্বাভাবিকভাবেই যেমন তরুণদের মনের চাহিদাকে প্রাধান্য দেওয়া কষ্টকর, তেমনি একটি শিশুর মনের চাহিদাকেও গুরুত্ব দেওয়া কষ্টকর। কিন্তু সেই সংকীর্ণতা থেকে উপরে উঠে তরুণ, শিশু, ভবঘুরে, মজুর, জেলে, ভিক্ষুকসহ সর্ব শ্রেণির মানুষের মনের ভাব ও তাদের চাহিদা অনুভব করতে পারা সম্ভব। প্রয়োজন সব শ্রেণির মানুষের সাথে নিবিড়ভাবে মিশে গিয়ে তাদের মতো করে ভাবতে শেখা ও ভাবতে পারা। পাশাপাশি সব শ্রেণির মানুষের চাহিদা ও কথা বোঝার জন্যে প্রচুর পড়াশোনা ও তা চর্চারও বিকল্প নেই।