Showing posts with label নিত্যজীবন. Show all posts
Showing posts with label নিত্যজীবন. Show all posts

Sunday, February 23, 2014

টেনশনে কুপোকাত

কোনও বিপদ সামনে আসতে পারে এই টেনশনে আমরা মন, শরীর ও হার্টের যতো ক্ষতি করি; ততো পরিমাণ ক্ষতি সেই বিপদ আসলেও হয় না। অনেক সময় সেই বিপদ আসেও না। কিন্তু, বিপদ আসার আগেই টেনশন করে নিজের বারোটা বাজাই। এটা বুঝতে পারলে সবাই টেনশন থেকে এক ধাক্কায় বের হতে পারতো। কিন্তু, সেই সময় আমরা এই শক্তি পাই না।

Thursday, January 30, 2014

আধুনিক মানুষই মানবিক মানুষ

পোশাক-পরিচ্ছদ কিংবা স্টাইলিশ ভঙ্গিতে কথা বলাই কী আধুনিকতা? সম্ভবত তা নয়। এটা আধুনিকতার অংশমাত্র। পুরোপুরি আধুনিকতা নয়।

পৃথিবীর বয়স বাড়ছে। এর সাথে পাল্লা দিয়ে পুরনো চিন্তাগুলি নতুন চিন্তার কাছে পরাজিত হচ্ছে। নতুন চিন্তাগুলি হয়তো তুমি বা আমি গ্রহণ করছি না। সেগুলি অন্যেরা গ্রহণ করে নিজেদের যখন আলোকিত করছে, তখন ধীরে ধীরে বাধ্য হচ্ছি গ্রহণ করতে। নিজেদের আধুনিক ভাবলে, নতুন চিন্তাকে স্বাগত জানাতে না পারার কারণে পোশাক-পরিচ্ছদে আধুনিক হলেও পিছিয়ে থাকছি। নতুন চিন্তাকে গ্রহণ করে নিজেকে আলোকিত করাই আধুনিকতার প্রধান শর্ত।

Sunday, January 5, 2014

স্বার্থ থাকুক, স্বার্থপরতা নয়

জীবনের দিনলিপিতে স্বার্থ এক নির্মম সত্য। যারা অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ রক্ষা করে শুধু তারাই স্বার্থপর নয়; আমরা সবাই। স্বার্থের দুইটা শাখা হলো, প্রতিদান ও তৃপ্তি সন্ধান করা। আমরা সবাই স্বার্থসন্ধানী। মরা গোলাপের চেয়ে তাজা গোলাপকে ভালোবাসি তার সৌন্দর্য ও সুবাস আছে বলে। কিংবা, কালো রমণীর চেয়ে ফর্সা রমণীকে ভালোবাসি তার উজ্জ্বল ত্বকের কারণেই। এগুলো তৃপ্তি উপভোগের স্বার্থ।

ভালোবাসাও স্বার্থের উপরে নয়। প্রেয়সীকে ভালোবাসার মধ্যেও স্বার্থ আছে। ভালোবেসে তার আনন্দিত মুখ দেখে শান্তি অনুভব করার স্বার্থ, তাকে কাছে পাবার স্বার্থ, অথবা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার স্বার্থ। আমরা অনাহারীকে খাবার দিয়েও কিছু খুঁজি। কেউ পরকালের ভালো কিছু পাবার স্বার্থ খুঁজি, কেউ সমাজে নাম ডাকের স্বার্থ খুঁজি, অথবা মনকে শান্তি দেওয়ার স্বার্থ। স্বার্থ আমাদের জীবনের সাথে আছে ও থাকবে।

Tuesday, November 12, 2013

রবীন্দ্রনাথের ফ্যাশন ও স্টাইল

রবীন্দ্রনাথের ফ্যাশন : পরিপাটি সাজগোজে তাঁর তুলনা হয় না

রবীন্দ্রনাথের ফ্যাশন ভাবনা জানতে গেলে মুগ্ধ হতে হয়। লেখক হিশেবে রবীন্দ্রনাথ যেমন রুচিশীল ও আধুনিক; তেমনি ফ্যাশনেও অসামান্য। নতুন নতুন ফ্যাশনেবল পোশাক তৈরি করে নিজে পরে হলেও তিনি ফ্যাশনেও খানিক অবদান রেখে গেছেন বলে আমি মনে করি। রবীন্দ্রনাথ শুধু একা নন, ফ্যাশনের দিক থেকে পুরো ঠাকুরবাড়ি ছিল সমান্তরালভাবে অন্যন্য আধুনিক, সচেতন ও রুচিশীল।

আমাদের আজকের সময়ে ফ্যাশনের ধরনধারণ, উপস্থাপন ও নিয়ন্ত্রণ করে বিভিন্ন ফ্যাশন হাউজ, ফ্যাশন ডিজাইনারা অথবা গনমাধ্যম। সেসময় কোনো ফ্যাশন হাউজ ছিল না। ছিল ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ি মানেই ফ্যাশনে ও পোশাকে নিত্যনতুন বাহারের সমারোহ। সেই ফ্যাশন প্রভাব বিস্তার করেছে সমস্ত বাঙালির মধ্যে। আমাদের এই সময়ে ঠাকুরবাড়ির ফ্যাশনগুলি ধরে রাখতে না পারলেও কিছু এখনো নিত্যদিনের সঙ্গী। সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী ফ্যাশনের দিক থেকে ঠাকুরবাড়ির নারীদের মধ্যে সবচেয়ে বেশি উদ্ভাবনী মনের ছিলেন। তিনি প্রথম চালু করেন শাড়ির সাথে ব্লাউজের ব্যবহার এবং কুঁচি করে শাড়ি পড়ার চল। অন্যসব বাদ দিলেও এই দুটি এখনো বাঙালি নারীর নিত্যদিনের সঙ্গী।