Showing posts with label ছোটগল্প. Show all posts
Showing posts with label ছোটগল্প. Show all posts

Thursday, January 9, 2014

নির্বোধ নিঠুর

নির্বোধ নিঠুর

রুমন আনাম

তরু ও তিথি প্রেম করে। ভালোবাসার ঢেউয়ে তারা একে অন্যের মাঝে হারিয়ে যায়। কিছুদিন পর তারা বিয়ের কথা ভাবে। তিথির পরিবারের লোকজন রাজি হয় না। শেষে তিথি পালিয়ে তরুকে বিয়ে করে। তারা নিজেদের মতো সংসার সাজাতে থাকে। কিন্তু, তিথির পরিবার কিছুতেই মেনে নেয় না। তরুর কাছ থেকে মেয়েকে আলাদা করতে তিথির মা শুরু করেন নানান অপকৌশল। তিথির ভালোবাসা পেয়ে সে সব সহ্য করে। এভাবে বছর গড়িয়ে যায়। শেষ পর্যন্ত মা তিথিকে বুঝাতে সক্ষম হয়, তরুকে তার ছেড়ে আসা দরকার। তিথি তার বাবা মায়ের কাছে ফেরত যায়। মেয়ের সাপোর্ট আদায় করার পর মা এবার তরুর কাছ থেকে তিথিকে দূরে সরানোর পথে আরও সক্রিয় হয়ে পথ হাঁটা শুরু করে। তিথির মা তরুর কাছে ডিভোর্স চায়। তরু তিথিকে অনেক ভালোবাসে। তাকে ছাড়া সে ভাবতে পারে না। সে কিছুতেই রাজি হয় না। তিথি বদলে যায়। সে এখন আর তরুকে ভালোবাসে না। তার মা অন্যকোনো নতুন স্বপ্ন তার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সেই স্বপ্নের আশাতে সেও মুক্তি চায়। তরু তবু রাজি হয় না। এবার তিথিও মায়ের অপকৌশলে সমর্থন দিয়ে তরুকে ছাড়ার জন্যে সব করতে রাজি। তিথি একদিন তরুকে দেখতে চায়। তরু সব ভুলে শাহবাগ থেকে একগুচ্ছ ফুল কিনে দেখা করতে যায়। তরু অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। অনেক সময় পেরিয়ে গেলেও তিথি "আসছি" বলেও আসে না। কিছু সময় পরে আসে পুলিশ। তরুকে থানায় নিয়ে যায়। তরুর হাতের ফুলগুলি দেখার সৌভাগ্য তিথির হয় না।

Friday, October 4, 2013

ছোটগল্প :: রাস্তা

রুমন আনাম এর ছোটগল্প

রাস্তা



স্বভাবের দিক থেকে আবুল মিয়া খুব সাধসিধে। বুদ্ধিতেও খুব ঢিলা প্রকৃতির। কাজকর্মে ছন্দ নাই। এই অল্প বুদ্ধির মানুষটাকে সবাই পাগল বলে। রাস্তায় চলার সময় দুষ্টু বুদ্ধির লোকেরা তাকে খোঁচা দেয়। সে ক্ষেপে যায়। তার ক্ষেপে যাওয়া দেখে ওরা আনন্দ পায়। খানিক বাদে শান্ত হয়ে আবারো পথ চলতে থাকে। বিয়ের পর আবুল মিয়ার চলাফেরাতে গা বাঁচিয়ে চলা লক্ষ করা গেলো। যে মেয়েটিকে সে বিয়ে করলো, সে অতিশয় বুদ্ধিমতি মেয়ে না হলেও আবুল মিয়ার অল্পবুদ্ধি দেখে সে যেন চতুর এক নারীর রূপ নিল। আবুল মিয়া ভুল করতে পারে বলে তার চলাফেরা আবুল মিয়ার বউ নিয়ন্ত্রণ করতে লাগলো। এরপর থেকে আবুল মিয়ার ভুল অনেক কমে গেলো। সে গোছালো মানুষ হয়ে না উঠলেও তার মধ্যে একটা সাবধানী ভাব দেখা গেলো। আবুল মিয়ার বউয়ের এই অবস্থান দেখে অনেকেই তাকে চালু মেয়ে বলে আখ্যা দিলো। তারা এটাকে ভালোভাবে নিলো না। কেউ কেউ আবুল মিয়ার বউকে সাধুবাদ জানালো। তারা মনে করলো, "আবুল মিয়া পাগল মানুষ, বউ এমন না হলে সংসার টিকবে না।"