Showing posts with label নারী. Show all posts
Showing posts with label নারী. Show all posts

Wednesday, August 26, 2015

Life and its lesson: গুড বয় ব্যাড বয়

কোনও এক বালিকা সারাদিন সময় অসময়ে মন খারাপ করে থাকে। তার কিছুই ভাল লাগে না। কোথায় যেন শূন্যতা। বালিকার একটা গুড বয় চাই। মনে প্রাণে সে গুড বয়ের স্বপ্ন দেখে, তবে খোঁজে না। বালিকা চায়, তার গুড বয় কথার ফুলঝুরি দিয়ে তাকে অবশ করে দিক। তাকে মাতাল করে উড়িয়ে নিয়ে যাক। তাকে পাবার জন্যে পাগল হোক।

এরপর, একদিন, সত্যি সত্যি এক গুড বয় এলো। গুড বয় বালিকাকে পাবার কথা জানালো। অতিকথা না বলে সরল ভাষায় বালিকাকে তার হয়ে যেতে বলল। বালিকা গুড বয় এর কথা শুনে খুব বেশি মুগ্ধ হতে পারলো না। গুড বয় তো গুড বয়ই। সে অতি কথা কেন বলবে? বালিকার সাড়া না পেয়ে, কথা না বাড়িয়ে, গুড বয় চলে গেল।

বালিকা গুড বয় এর এমন আচরণে মনে করলো, ওটা গুড বয় নয়। ও তাকে ভালোবাসায় ভুলিয়ে রাখতে পারবে না।
এরপর, একদিন, একটা ব্যাড বয় এলো। ব্যাড বয় বালিকাকে পাবার কথা জানালো। বালিকাকে পাবার জন্যে লক্ষ-কোটি কথা দিয়ে তাকে ভুলিয়ে ফেলল। বালিকা এবার সত্যি মাতাল হলো। বালিকা মনে করলো, এ-ই তো তার গুড বয়। যার জন্যে সে এতোদিন অপ্রক্ষায় ছিলো।

বালিকা কিছুদিন ব্যাড বয়ের সাথে স্বপ্নরাজ্যের রাজকুমারীর মতো দিনযাপন করলো। এরপর বালিকা বুঝতে পারলো, সে ভুল স্বপ্নে বিভোর ছিলো। তার চাওয়া ও পাওয়া ছিলো ভুলে ভরা। বালিকা এটাও বুঝে গেলো, তার তাজা ভালোবাসা দিয়ে দিয়েছে ভুল মানুষ কে।

জীবনের এই সত্য যখন পুরোপুরি বুঝলো, তখন সে নিজের দিকে তাকিয়ে দেখে, সে আর বালিকা নেই; মাঝবয়সী এক বঞ্চিতা নারী। মনে পড়ে গেল সেই অতিকথা না বলা ছেলেটির কথা। এখন তার গুড বয় চিনতে একটুও কষ্ট হবে না। কিন্তু সেই দিন সে আর কখনোই ফিরে পাবে না।

Wednesday, April 3, 2013

আপনারা আমাদের মা হোন


দুই নারীকে মায়ের আসনে দেখতে চাই


নারীরা স্নেহ ও মমতায় পুরুষের থেকে অনেক উপরে। নারীর স্নেহ, ত্যাগ, ধৈর্য, ক্ষমা, কিংবা  ভালোবাসার কারণে আজো আমরা নষ্ট হয়ে যাই নি। অর্থাৎ নারী আমাদের সবাইকে আগলে রেখেছে। আর তাই নারী মানেই এক একটি মা। এক একটি বটবৃক্ষ।


বাংলাদেশের প্রধান দুটি দলের প্রধানগণ নারী। আপনাদের দুই নারীর কাছে একটা ছোট্ট বিষয় তুলে ধরতে চাই। আপনাদের দুইজনের বয়স এমন এক পর্যায়ে যে, আপনারা এখন কারো মা, কারো দাদী, কারো নানি কিংবা কারো বড়ো বোনের মতো। আপনাদের দুই জনের চেয়ে বেশি বয়সের মানুষ আমাদের দেশে কম। অর্থাৎ আপনাদের দুই জনের কাছে আমাদের বেশিরভাগ বাংলাদেশি হবে আদরের, ভালোবাসার ও স্নেহের। আপনারা আমাদের দেশের অভিভাবক থেকেছেন অনেক বছর। আপনারা চাইলে আপনাদের নারীত্ব দিয়ে আমাদের আগলে রাখতে পারতেন। আমাদের ভালোমন্দ, আমাদের সুখ-দুঃখ, আমাদের দাবী বা আবদার কখনো মায়ের মতো করে, কখনো বড়ো বোনের মতো করে, কখনো অভিভাবকের মতো করে পূরণ করে আমাদের সবার চোখের মণি হতে পারতেন। আপনারা দুজনই "মা" উপাধি পেতে পারতেন। আমরাও আপনাদের মায়ের মতো শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে মাথায় করে রাখতাম। আপনাদের কেউ কটু কথা বললে আমরা সন্তানের মতো সামনে দাঁড়িয়ে দাঁতভাঙা জবাব দিতাম।